
ইসলামপুর: ধর্মীয় আচার- অনুষ্ঠান ও উৎসবের আবহে সাড়ম্বরে পালিত হচ্ছে ছটপুজো।ছটপুজোর প্রথম দিনেই ইসলামপুর শহরের বিভিন্ন ছটঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।সূর্য উপাসনাকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় বিভিন্ন ঘাটে সমবেত হন ব্রতী ও তাঁদের পরিবারের সদস্যরা।প্রচলিত রীতি মেনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন ব্রতীরা। শহরের একাধিক ছটঘাটের মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ইসলামপুরের ব্লকপাড়া ছটঘাট। উৎসবকে ঘিরে ঘাট চত্বরে ছিল সাজসাজ রব ও ভক্তদের উৎসাহ- উদ্দীপনা।ছটপুজোকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও পুণ্যার্থীরা নির্বিঘ্নে পুজোর আচার- অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।এদিন ব্লকপাড়া ছটঘাটে উপস্থিত ছিলেন ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং, ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার-সহ পুলিশের বিভিন্ন আধিকারিক, প্রশাসনিক কর্তারা ও পুজো কমিটির সদস্যরা।এদিন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং জানান, ছটপুজোকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীদের।পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।ছটপুজোর পবিত্র মুহূর্তে ইসলামপুর শহর তথা সমগ্র জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার রাকেশ সিং।অন্যদিকে, ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালও এই পবিত্র উৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।ধর্মীয় নিষ্ঠা, ভক্তি ও সম্প্রীতির আবহে ইসলামপুরের বিভিন্ন ছটঘাটে প্রথম দিনের পুজো সম্পন্ন হয়।প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তার ব্যবস্থাপনায় উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্যোগও ছিল চোখে পড়ার মতো।


