
শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই ত্বকে দেখা দিতে পারে শুষ্কতা, রুক্ষতা ও টানটান ভাব। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বাতাসে আর্দ্রতা কমতে শুরু করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতাও হারাতে থাকে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ত্বকের একটু বাড়তি যত্ন নিলে শীতের শুষ্কতা মোকাবিলা করা সহজ হয়। তাই শীত আসার আগেই রাতের রূপচর্চায় রাখতে পারেন চারটি অভ্যাস।
ভালোভাবে মুখ পরিষ্কার করুন: সারাদিনের ধুলাবালি, ঘাম, প্রসাধনী ও অতিরিক্ত তেল ত্বকের ওপর জমে থাকে। তাই রাতে ঘুমানোর আগে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। অতিরিক্ত কড়া সাবান বা স্ক্রাব ব্যবহার করবেন না। এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
শীতের আগে থেকেই রাতে ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই উপযুক্ত ময়েশ্চারাইজার লাগান। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।
ঠোঁট ও হাত-পায়ের যত্ন নিন:
শীতের শুরুতেই ঠোঁট ফেটে যাওয়া এবং হাত-পায়ের ত্বক রুক্ষ হওয়ার সমস্যা দেখা দিতে পারে। ঘুমানোর আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি বা সুগন্ধিবিহীন লিপ বাম লাগান। হাত-পায়ের শুষ্ক জায়গায় ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রয়োজনে পায়ে ক্রিম লাগিয়ে নরম সুতি মোজা পরে ঘুমাতে পারেন।
পর্যাপ্ত জল পান ও ঘুম নিশ্চিত করুন:
ত্বকের সুস্থতার জন্য শরীরের সামগ্রিক যত্নও জরুরি। দিনের বেলায় পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত ঘুমের অভ্যাস বজায় রাখুন। তবে শুধু বেশি জল পান করলেই ত্বকের শুষ্কতা দূর হয় না; ত্বকের বাইরে থেকে ময়েশ্চারাইজার ব্যবহার করাও প্রয়োজন।


