
ওয়াশিংটন: হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রদীপের আলোয় দীপাবলি পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত একাধিক পদাধিকারী, মার্কিন শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় উদ্যোগপতি বিশাল গোন্ডলের হাতে ট্রাম্পের হনুমান চালিসা উপহার পাওয়া।
ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ট্রাম্প। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও, এফবিআই অধিকর্তা ক্যাশ প্যাটেল, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের অধিকর্তা জয় ভট্টাচার্য এবং সামাজিক নিরাপত্তা প্রশাসনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি। ব্যবসায়িক মহল থেকেও উপস্থিত ছিলেন মাইক্রন টেকনোলজির প্রধান সঞ্জয় মেহরোত্র, আইবিএমের প্রধান অরবিন্দ কৃষ্ণ। ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী বিকাশ খন্না এবং উদ্যোগপতি বিশাল গোন্ডলও।
গোন্ডল ট্রাম্পের হাতে তুলে দেন তুলসীদাস রচিত হনুমান চালিসার একটি কপি। পরে সমাজমাধ্যমে অনুষ্ঠানের ছবি প্রকাশ করে তিনি লেখেন, ওভাল অফিসে প্রদীপের আলোয় ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার প্রার্থনা করেছেন তিনি। অন্ধকারের উপর আলোর জয়ই ছিল তাঁর প্রার্থনার মূল কথা। ধল্লা গ্রুপের প্রধান রুবি ধল্লা, ন্যাক সিস্টেমসের প্রতিষ্ঠাতা রাজীব শর্মা, কেশবম ডিসির সভাপতি বিশ্বজিৎ মাল্লামপতি এবং হেতলকুমার প্যাটেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসের অনুষ্ঠান বিভাগের আধিকারিক অরবিন্দ চাড্ডাও ছিলেন আমন্ত্রিতদের মধ্যে।
হোয়াইট হাউসে দীপাবলি পালনের রীতি অবশ্য নতুন নয়। ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এই আয়োজন শুরু হয়। প্রথম দিকে মূলত আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সম্প্রদায়ের প্রতিনিধি ও ভারতীয় কূটনীতিকদের নিয়ে অনুষ্ঠান হত। ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ জ্বালান। পরবর্তী সময়ে ওভাল অফিস-সহ হোয়াইট হাউসের বিভিন্ন কক্ষে এই উৎসব পালনের রীতি বজায় থেকেছে। ট্রাম্পের এবারের আয়োজন সেই ধারারই আরও একটি পর্ব।


