
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনার ঘটনায় তদন্তের স্বার্থে তিন ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে তিন অভিযুক্তকে ১২১, কালীঘাট রোডে নিয়ে যাওয়া হয়। সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ পুলিশ তাঁদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার দিন ঠিক কীভাবে উত্তেজনা ছড়িয়েছিল এবং কীভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার থেকে তদন্তের গতিপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আনছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ঘটনার সম্পূর্ণ ধারাবাহিকতা বোঝার চেষ্টা চলছে।পাশাপাশি ঘটনার সময় কার কী ভূমিকা ছিল, তা চিহ্নিত করাও তদন্তের অন্যতম লক্ষ্য প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের একটি দল প্রতিমা নিতে পটুয়াপাড়ায় আসেন। তাঁদের সঙ্গে অভিষেকের অনুগামীদের ‘চোর চোর’ ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও ইটবৃষ্টির পর্যায়ে পৌঁছয়। ভোররাত পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলতে থাকে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকেও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ পুলিশের উপর হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কালীঘাট থানায়। পুলিশকে চড় মারার অভিযোগে একবালপুরের দুই যুবককেও গ্রেফতার করা হয়। পাশাপাশি বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ও অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এবার তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণের মাধ্যমে তদন্তে নতুন দিশা খুঁজছেন গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে অভিযুক্তদের বয়ান মিলিয়ে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনার চেষ্টা চলছে।


