
মালদা: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায়। মৃত দুই যুবকের নাম ভাস্কর চৌধুরী (২৮) ও অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। অন্যদিকে, অনুপের বাড়ি খাসকোলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।

এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে কাজিগ্রামের একটি জলাশয়ে দুই যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলাশয় থেকে দেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাঁদের ব্যবহৃত একটি বাইকও। এরপর মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে দুই যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁদের।পরিবারের আরও অভিযোগ, অনুপের জামাইবাবু কয়েকদিন আগে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁকে খুনের হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। কীভাবে দুই বন্ধুর মৃত্যু হল? কীভাবে তাঁরা জলাশয়ে পৌঁছলেন? তাঁদের মৃত্যুর নেপথ্যে দুর্ঘটনা, নাকি অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে? সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দুই যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।


