
ঝাড়্গ্রাম: আদিবাসী জনজাতির জমির অধিকার সুনিশ্চিত করা থেকে শুরু করে তাঁদের আর্থসামাজিক উন্নয়নে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ জনজাতি হিসেবে লোধা সম্প্রদায় যুক্ত থাকলেও এবার রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে শবর জনজাতিকেও সেই সুবিধার আওতায় আনার কথা ঘোষণা করলেন তিনি। পাশাপাশি শবর সম্প্রদায়ের মানুষদের ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের সঙ্গেও যুক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভুয়ো তফসিলি জনজাতির শংসাপত্র দেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তাও দেন তিনি। রবিবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সাহাড়িতে মহান আদিবাসী নেতা বীরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন সভামঞ্চ থেকে আদিবাসীদের জমির অধিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং জনজাতির মর্যাদা রক্ষার মতো একাধিক বিষয় তুলে ধরেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসীদের জমির অধিকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে জমির পাট্টার দাবিতে লড়াই করেছেন বহু আদিবাসী পরিবার। সেই দাবিকে গুরুত্ব দিয়েই এদিন রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানার অধিকার তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, কয়েকদিন আগেই বন দফতর, ভূমি দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরকে আদিবাসীদের জমির অধিকার সুনিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছিল। সরকার আদিবাসীদের জমির অধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকৃত জনজাতির মানুষ যাতে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই ৭৩টি ভুয়ো তফসিলি জনজাতির শংসাপত্র চিহ্নিত করে বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনওভাবেই ভুয়ো তফসিলি জনজাতির শংসাপত্র দেওয়া বরদাস্ত করা হবে না। প্রকৃত আদিবাসীদের অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এদিন শবর সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শবর জনজাতি কেন্দ্রীয় সরকারের বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী (পিভিটিজি) প্রকল্পের আওতায় না থাকলেও রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে তাঁদের সেই ধরনের বিশেষ সুবিধার আওতায় আনা হবে। এর ফলে শবর পরিবারের উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং আর্থিক সুরক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পেও শবর সম্প্রদায়ের মানুষদের যুক্ত করার কথা জানান তিনি। আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব ও রাজনৈতিক অংশগ্রহণের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর অধিষ্ঠান আদিবাসী সমাজের কাছে গর্বের বিষয়। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরোধিতা করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নিজের মন্ত্রিসভায় আদিবাসী বিধায়কদের যথেষ্ট গুরুত্ব ও জায়গা দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ১৬টি তফসিলি জনজাতি সংরক্ষিত আসনে জয়লাভের পাশাপাশি অন্যান্য আসনেও আদিবাসী প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। এদিনের অনুষ্ঠানে রাজ্যের আট হাজার মাঝি বাবাকে সংবর্ধনা জানানোর কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সমাজের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং নেতৃত্বের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবেই এই উদ্যোগ বলে জানান তিনি।
সব মিলিয়ে বীরসা মুন্ডুর জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে আদিবাসীদের জমির অধিকার, শবর জনজাতির উন্নয়ন, কর্মসংস্থান এবং ভুয়ো জাতিগত শংসাপত্র বাতিলের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনেন মুখ্যমন্ত্রী। এদিন সাহাড়ির সভামঞ্চে তাঁর বক্তব্য শোনার জন্য বহু মানুষের সমাগম হয়েছিল। এদিনের সভায় উপস্থিতি ছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, আদিবাসী উন্নয়ন, সেচ ও সড়কপথ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাত, সেচ ও উদ্যানপাল দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়্গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু,সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।


