
ছটপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে তৎপর উত্তরপাড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন। পুজো চলাকালীন যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে বিভিন্ন ছটঘাটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার পরিদর্শনে নামলেন প্রশাসনিক আধিকারিকরা।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। লঞ্চে চেপে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন বিধায়ক-সহ প্রশাসনিক আধিকারিকরা। ঘাটগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং ছটপুজো উপলক্ষে নেওয়া প্রস্তুতি খতিয়ে দেখা হয়।
ছটব্রতীদের নিরাপত্তার পাশাপাশি ঘাটে আসা সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
ছটপুজোকে কেন্দ্র করে উত্তরপাড়া পৌরসভা ও পুলিশ প্রশাসনের এই তৎপরতায় উৎসবের আগে ঘাটগুলিতে নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।


