
কলকাতা: বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে টলিউড অভিনেতা জিতের বাড়িতে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে অভিনেতার বাসভবনে মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে খুশির আবহ তৈরি হয়। বাড়ির প্রবেশদ্বারে তাঁকে স্বাগত জানান অভিনেতা জিতেন্দ্র মদনানি ও তাঁর স্ত্রী মোহনা মদনানি। পরে লাল উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন জিৎ।
অভিনেতার বাড়িতে পুজোর আয়োজনের মধ্যে মাতৃপ্রতিমার দর্শন করেন মুখ্যমন্ত্রী। বিজয়া উপলক্ষে বাড়িতে তৈরি পায়েসও খান তিনি। উৎসবের আবহে জিতের পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান শুভেন্দু অধিকারী।
সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিৎ জানান, মুখ্যমন্ত্রীর আন্তরিকতা এবং ব্যস্ততার মধ্যেও তাঁদের পরিবারের জন্য সময় দেওয়ার বিষয়টি দীর্ঘদিন স্মরণে থাকবে। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পরিবারের সকলেই খুশি। পায়েস খাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন তিনি।
এর আগে সুরুচি সংঘের দুর্গাপুজোয় উপস্থিত হয়ে নতুন সরকারের প্রশংসা করেছিলেন অভিনেতা। নতুন সরকার ও নতুন উদ্যমকে সঙ্গী করে আগামী দিনে সকলকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি।
বিজয়ার রাতে জিতের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতির ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমেও নজর কেড়েছে। উৎসবের সৌজন্য সাক্ষাৎ ঘিরে বিনোদন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই সাক্ষাৎ থেকে অভিনেতার রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর অবকাশ নেই।


