
কলকাতা: শারদোৎসবের শেষ পর্বেও পাড়ার পুজোর সঙ্গে সম্পর্ক অটুট রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমা নিরঞ্জন উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা ও অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সকলকে জানালেন শুভ বিজয়ার বার্তা।
বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর সঙ্গে গঙ্গোপাধ্যায় পরিবারের যোগ দীর্ঘদিনের। ১৯৭২ সালে সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এই পুজোর সূচনা হয়। চলতি বছর পুজোটি ৫৪ বছরে পা দিয়েছে। বেহালার এই পুজো তাই শুধু এলাকার শারদোৎসব নয়, সৌরভের পারিবারিক ও পাড়ার স্মৃতির সঙ্গেও জড়িয়ে রয়েছে।
দুর্গাপুজোর দিনগুলিতে এই মণ্ডপে একাধিকবার দেখা গিয়েছিল সৌরভকে। মহাষ্টমীতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পুজোয় অংশ নিয়েছিলেন তিনি। এবার নিরঞ্জনের সময়ও পাড়ার মানুষের সঙ্গে দেখা গেল তাঁকে।
ক্রিকেটের মাঠে দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করা সৌরভের উপস্থিতিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা যায়। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক পর্ব শেষ হওয়ার সময় তাঁর বিজয়ার শুভেচ্ছা বিনিময় উৎসবের আবহে যোগ করে অন্য মাত্রা।


