
উত্তরপাড়া: গতকাল দুপুর থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে মাখলার মালিকতলার একটি পুকুর থেকে উদ্ধার হল ৭২ বছর বয়সি এক দন্ত চিকিৎসকের মৃতদেহ। মৃতের নাম বিদেশ ভৌমিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর থেকেই বিদেশ ভৌমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও পরিচিতরা তাঁর সন্ধান করছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে মাখলার মালিকতলার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনা প্রসঙ্গে তাপস দেব জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের সঙ্গে কথা বলে মৃতদেহটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। পরবর্তী সময়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
কীভাবে ওই দন্ত চিকিৎসকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


