
মুর্শিদাবাদ: সুতির ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মানিকপুর সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুরের দিক থেকে আসার পথে মানিকপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় সুতি থানার পুলিশকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে পাঠানো হয়।
তবে ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।


