
মুর্শিদাবাদ: সামসেরগঞ্জে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা আব্দুল সালাম ওরফে কটা। বুধবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। আব্দুল সালাম ওরফে কটা সামসেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী তথা তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। তিনি ভাষাইপাইকর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন। কয়েক দিন আগেই সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের পাশেই দেখা গিয়েছিল তাঁকে। পুলিশ সূত্রে খবর, সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণ-সহ একাধিক মামলায় তাঁর নাম রয়েছে। পুরনো সেই মামলাগুলির সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আমিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তৃণমূল যুব নেতার গ্রেপ্তারিকে ঘিরে ইতিমধ্যেই সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই গ্রেপ্তারির পর স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।


