
শিলিগুড়ি: সাতসকালে প্রকাশ্য রাস্তায় এক স্কুল শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সকালে শিলিগুড়ির শান্তিনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিক্ষিকার নাম শিউলি দত্ত।
তাঁকে আক্রমণের পর অভিযুক্ত সজল দাসও আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দু’জনকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিউলি দত্ত তাঁর ছেলেকে নিয়ে শিলিগুড়ির শান্তিনগর এলাকায় ভাড়া থাকতেন।
সজল দাস নামে এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করেছেন শিউলি দত্তের দাদা।
এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছিল বলে দাবি।
অভিযোগ, বুধবার সকালে শিউলি দত্ত প্রাতঃভ্রমণে বের হলে তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সজল দাস। হামলায় শিক্ষিকার গলায় গুরুতর আঘাত লাগে।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর অভিযুক্ত নিজেও বিষ পান করেন ও ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় শিউলি দত্ত শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত সজল দাসের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
প্রকাশ্য রাস্তায় এক শিক্ষিকার উপর এমন হামলার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
প্রতিবেশীদের দাবি, শান্তিনগরের মতো শান্ত এলাকায় এমন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি।
ব্যক্তিগত বিবাদ ও দীর্ঘদিনের উত্ত্যক্ত করার অভিযোগকে ঘিরে গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার প্রকৃত কারণ ও হামলার নেপথ্যে কী ছিল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।


