
শিলিগুড়ি: রেলস্টেশন সংলগ্ন জনবহুল এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।
মঙ্গলবার সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন সংলগ্ন ইন্ডিয়ান অয়েল আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার হয় একটি সন্দেহজনক ব্যাগ। সেই ব্যাগের ভিতর থেকেই একাধিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি অন্তত ১৫০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দা নিতাই শীল রাস্তার পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটির অবস্থান দেখে সন্দেহ হওয়ায় তিনি দ্রুত নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর ব্যাগটি পরীক্ষা করতেই তার ভিতরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজের সন্ধান মেলে। পুলিশ সমস্ত অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে।
তবে এই ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে উদ্ধারস্থলকে ঘিরে।
কারণ, নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায়, তাও আবার পুলিশ আউট পোস্টের একেবারে পাশে কীভাবে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ এল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
কোথা থেকে এল এই অস্ত্রগুলি? কারা ব্যাগটি সেখানে রেখে গেল? কোনও অপরাধমূলক পরিকল্পনার উদ্দেশ্যে কি অস্ত্রগুলি মজুত করা হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির উৎস, সেগুলি পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না এবং এর সঙ্গে কোনও অস্ত্র পাচারচক্র বা অপরাধী গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।


