
নদিয়া: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পথে নামল পুলিশ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। যুবসমাজকে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে নদিয়ার শান্তিপুরে আয়োজন করা হল বিশেষ সচেতনতা র্যালি। পুলিশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বুধবার শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে অংশগ্রহণকারীরা। র্যালির মাধ্যমে নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়।
বর্তমানে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যুবসমাজের একাংশের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। মাদকাসক্তির প্রভাব শুধু একজন ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না, তার পরিবার ও সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে নেশার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা সামনে রেখেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ র্যালিতে বিশেষ মাত্রা যোগ করে। নেশামুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগও যে জরুরি, সেই বার্তাই তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে।


