
কলকাতা: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে মারধর এবং জোর করে বিবস্ত্র করে দেওয়ার অভিযোগ উঠল কলকাতার সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায়। অভিযোগের ভিত্তিতে তরুণীর বাবা, মা ও মামাকে গ্রেপ্তার করেছে সরশুনা থানার পুলিশ। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসুন্ধরা পার্ক এলাকায় রাস্তার ধারে এক তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তরুণীর পরিবারের সদস্যরা তাঁদের দেখতে পান বলে অভিযোগ। এরপর তরুণীর বাবা ওই যুবক ও তাঁর এক বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে যুবকের বাবাকেও ফোন করে সেখানে আসতে বলা হয়।
অভিযোগ, বাড়িতে পৌঁছনোর পর তরুণীর বাবা, মা ও মামা মিলে তিনজনকে মারধর করেন। যুবকের বাবার সামনে তিনটি শর্ত রাখা হয়েছিল বলেও অভিযোগ। প্রথম শর্ত, নিজের হাতেই ছেলেকে খুন করতে হবে। তা না হলে তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর শেষ শর্ত ছিল, তিনজনকে বিবস্ত্র অবস্থায় বাড়ি ফিরে যেতে হবে।
অভিযোগ, প্রাণের ভয়ে যুবকের বাবা শেষ শর্তটি মেনে নিতে বাধ্য হন। এরপর যুবক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ অবস্থায় প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতে হয়। তাঁদের ওই অবস্থার ছবি তোলা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর সরশুনা থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে তরুণীর বাবা, মা ও মামাকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে তরুণীর বাবা ও মামাকে নিয়ে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে যায় পুলিশ। বসুন্ধরা পার্ক এলাকায় ঘটনার পুনর্নির্মাণও করা হয়। অভিযোগ, কোমরে দড়ি বেঁধে তাঁদের ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, অভিযুক্তদের ভূমিকা কী ছিল এবং ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সরশুনা থানার পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে।


