
রাজগঞ্জ: দুর্গাপুজোর ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে এসে কারখানার গেটে তালা ও লকআউটের নোটিশ দেখে চরম অনিশ্চয়তায় পড়লেন রাজগঞ্জের করতোয়া এলাকার একটি চা কারখানার প্রায় ৫০ জন শ্রমিক ও কর্মী।
শ্রমিকদের অভিযোগ, পুজোর বোনাস না দিয়েই আচমকা কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এর জেরে সংসার চালানো থেকে শুরু করে সন্তানদের পড়াশোনার খরচ মেটানো – সব কিছু নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
শ্রমিকদের দাবি, পুজোর আগে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে আলোচনায় স্থায়ী শ্রমিকদের ১০ হাজার টাকা ও অস্থায়ী শ্রমিকদের ৫ হাজার টাকা করে অন্তর্বর্তীকালীন অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল।
পুজোর পরে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা থাকলেও তার আগেই রাতের অন্ধকারে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কারখানার ২৬ বছরের কর্মী নিলয় দেবনাথ জানান, সেখানে ৩৩ জন স্থায়ী শ্রমিক, দু’জন স্থায়ী কর্মী ও ১৫ জন অস্থায়ী শ্রমিক রয়েছেন।
হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রত্যেকের পরিবারেই আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি, কারখানা চত্বরে কোনও ম্যানেজমেন্টের প্রতিনিধি বা নিরাপত্তারক্ষীর দেখা মিলছে না বলেও অভিযোগ শ্রমিকদের।
এদিকে, শ্রমিকদের সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে তেরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ (সাব স্টাফ অ্যান্ড স্টাফ) ইউনিয়ন।
সংগঠনের সভাপতি তপন দে এদিন জলপাইগুড়ির উপশ্রম কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনোর আগেই লকআউট ঘোষণা করা হয়েছে। দ্রুত হস্তক্ষেপ করে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার দাবি জানিয়েছে সংগঠন।
অন্যদিকে, কারখানার লকআউট নোটিশে আর্থিক সংকটের কারণে ১৮ অক্টোবর থেকে কারখানা বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে।
তবে কারখানায় তালা ঝুলতে থাকায় ও কর্তৃপক্ষের কোনও প্রতিনিধির উপস্থিতি না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফলে কারখানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কবে উৎপাদন শুরু হবে এবং কবে শ্রমিকেরা কাজে ফিরতে পারবেন, তার উত্তর এখনও অধরা।


