
শিলিগুড়ি: ট্রেনে করে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে যৌথ অভিযান চালিয়ে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতদের কাছ থেকে একটি স্কুলব্যাগে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃতদের নাম রোহন কুমার (২০) ও গুড্ডু কুমার (১৯)। দুজনেরই বাড়ি বিহারের খাগাড়িয়া এলাকায়। রবিবার রাতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে স্টেশনে অভিযান চালায়।
পুলিশ সূত্রে খবর, ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর পর ট্রেনটির সাধারণ কামরায় তল্লাশি শুরু হয়। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করেন পুলিশকর্মীরা। পরে তাঁদের সঙ্গে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা আলিপুরদুয়ার থেকে ট্রেনে এনজেপিতে এসেছিল। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ফের ট্রেনে বিহারের খাগাড়িয়ায় পৌঁছনোর কথা ছিল বলে তদন্তকারীদের অনুমান। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে কোনও সংগঠিত পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা জানতে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, সেই সূত্র খুঁজতে তদন্ত শুরু হয়েছে।


