E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

স্বাধীনতার বছর থেকে পুজো, নবমীতে ইলিশ ভোগ, দশমীতে পান্তা ভাত-কচুশাক

নবদ্বীপের আগমেশ্বরী পাড়া বারোয়ারির ৭৯ বছরের ঐতিহ্য, ছোট বাজারের দোকানদারদের খাজনা ও অনুদানেই চলে পুজোর আয়োজন

নবদ্বীপ: স্বাধীনতার বছর ১৯৪৭ সালে সূচনা। তারপর থেকে বছরের পর বছর ধরে চলে আসছে পুজো। নবমীতে দেবীর ভোগে থাকে ইলিশ মাছ, আর দশমীতে পান্তা ভাত, মাছের মাথা দিয়ে কচুর শাক ও পাঁচ রকম মাছ ভাজা। নবদ্বীপের আগমেশ্বরী পাড়া বারোয়ারি সমিতির দুর্গাপুজোয় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ গুরুত্ব পায় এই নিজস্ব ভোগের রীতি।

বৈষ্ণব রীতি মেনে এখানে দেবীর পুজো সম্পন্ন হয়। পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এলাকার ছোট বাজারও। সারা বছর এই বাজারে সবজি, মাছ ও মাংসের দোকান বসে। সেই দোকানগুলির খাজনা এবং দোকানদারদের বার্ষিক অনুদান থেকেই পুজোর খরচের বড় অংশ উঠে আসে।

ছোট বাজারের দোকানদারদের সহযোগিতায় পুজো

আগমেশ্বরী পাড়া বারোয়ারি সমিতির সদস্য সৌরভ গোস্বামী জানান, ছোট বাজারের বহু দোকানদারের সঙ্গে এই পুজোর নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁদের অনেকের বাড়ি নন্দাই গ্রাম, বেলেরহাট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী ও সমুদ্রগড়ের মতো বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী, বিশেষত মুসলিম সম্প্রদায়ের দোকানদাররাও রয়েছেন। তাঁর বক্তব্য, ধর্মীয় পরিচয়ের ভিন্নতা সত্ত্বেও তাঁরা পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সৌরভ গোস্বামীর কথায়, দোকানদারদের প্রতিদিনের খাজনা এবং বার্ষিক অনুদান মিলিয়েই পুজোর আয়োজন সম্পন্ন হয়। স্থানীয় বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সহযোগিতা পুজোর অন্যতম ভিত্তি।

নবমীতে ইলিশ, দশমীতে পান্তা ভাত

আগমেশ্বরী পাড়া বারোয়ারির পুজোর অন্যতম বিশেষত্ব দেবীর ভোগ। স্থানীয়দের দাবি, নবদ্বীপের প্রাচীন পুজোগুলির মধ্যে এই পুজোতেই প্রথম দেবীকে মাছের ভোগ নিবেদনের রীতি চালু হয়েছিল।

প্রতি বছর নবমীতে দেবীকে ইলিশ মাছ নিবেদন করা হয়। দশমীর ভোগে থাকে পান্তা ভাত, মাছের মাথা দিয়ে কচুর শাক এবং পাঁচ রকম মাছ ভাজা। সেই মাছের তালিকায় থাকে ইলিশ, পুঁটি, খয়রা-সহ অন্যান্য আঁশযুক্ত মাছ। ভোগের শেষে থাকে কদবেল ও জলপাইয়ের চাটনি।

দীর্ঘদিনের এই রীতি পুজোটিকে নবদ্বীপের অন্য অনেক পুজো থেকে আলাদা পরিচিতি দিয়েছে। পারিবারিক ও সামাজিক বন্ধনের পাশাপাশি বাজারের দোকানদারদের সহযোগিতা এবং বিশেষ ভোগের ঐতিহ্য—সব মিলিয়ে আগমেশ্বরী পাড়া বারোয়ারির দুর্গাপুজো নবদ্বীপের নিজস্ব সংস্কৃতির একটি পরিচিত অংশ হয়ে উঠেছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss