E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

পাখির ছানার জন্য ভাঙা হচ্ছে না দুর্গামণ্ডপ, সুকান্ত স্মৃতি সঙ্ঘের উদ্যোগে মুগ্ধ স্বস্তিকা মুখার্জি

মণ্ডপের ছানাটি বড় হয়ে উড়তে শেখার পরেই খোলার কাজ শুরু হবে, জানালেন পুজো কমিটির সম্পাদক প্রণব পাল
ঘুঘুর ছানার নিরাপত্তায় দুর্গামণ্ডপ না খোলার সিদ্ধান্ত সুকান্ত স্মৃতি সঙ্ঘের
ঘুঘুর ছানার নিরাপত্তায় দুর্গামণ্ডপ না খোলার সিদ্ধান্ত সুকান্ত স্মৃতি সঙ্ঘের

চুঁচুড়া: পুজো শেষ হলেও এখনও ভাঙা হচ্ছে না দুর্গাপুজোর মণ্ডপ। কারণ, মণ্ডপের ছাদে ঘুঘুর বাসায় রয়েছে সদ্যোজাত ছানা। ছোট্ট পাখিটির নিরাপত্তার কথা ভেবে মণ্ডপ খোলার কাজ পিছিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। চুঁচুড়ার সুকান্তনগরের সুকান্ত স্মৃতি সঙ্ঘের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। পুজো কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট ভাগ করে নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও।

এ বছর ৫৩ বছরে পা দিয়েছে সুকান্ত স্মৃতি সঙ্ঘের দুর্গাপুজো। সাঁচি স্তূপের আদলে তৈরি হয়েছিল এবারের মণ্ডপ। ক্লাবের সদস্যরাই নিজেদের উদ্যোগে মণ্ডপসজ্জার কাজ করেছিলেন। পুজোর আগেই মণ্ডপের বাঁশের কাঠামোর দুই প্রান্তে খড়কুটো দিয়ে বাসা তৈরি করতে শুরু করে দুটি ঘুঘু। পরে সিলিং তৈরির সময় দেখা যায়, দুটি বাসায় মোট চারটি ডিম রয়েছে। পাখিদের নিরাপত্তার কথা ভেবে সিলিংয়ে ত্রিপল বা তাঁবু টাঙানোর পরিকল্পনা বাতিল করেন উদ্যোক্তারা। পরিবর্তে বাসার উপরে শুধু পাতলা কাপড় টাঙানো হয়।

এরই মধ্যে পেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব। হুগলি জেলায় ঝড়ের প্রভাব তেমন না পড়লেও বৃষ্টি ও দমকা হাওয়া সামলাতে হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিজের বাসা ও ছানাদের ছেড়ে যায়নি ঘুঘুটি। ক্লাবের সদস্যরা নিয়মিত মণ্ডপের সিলিংয়ে উঠে পাখিদের খোঁজখবর রাখছেন। ইতিমধ্যে একটি ঘুঘু তার ছানাকে নিয়ে উড়ে গিয়েছে। অন্য বাসায় এখনও রয়েছে একটি ছোট্ট ছানা। তার শরীরে সদ্য পালক গজাতে শুরু করেছে।

ক্লাবের সদস্যদের কথায়, “আমরা মানুষ, ওরাও প্রাণী। ওদেরও বাঁচার অধিকার রয়েছে। ডিম ফুটে বাচ্চা বেরিয়ে তারা উড়তে না শেখা পর্যন্ত মণ্ডপ খুলব না।”

পুজো কমিটির সম্পাদক প্রণব পাল জানান, জিটি রোডের পাশেই মণ্ডপটি তৈরি হয়েছে। তাই আপাতত মণ্ডপের সামনের রাস্তার দিকের কিছুটা অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উপরের ছাদ এখনই খোলা হবে না। ছানাটি বড় হয়ে উড়তে শেখার পরেই মণ্ডপ খোলার কাজ শুরু হবে।

সুকান্ত স্মৃতি সঙ্ঘের এই উদ্যোগের প্রশংসা করে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি একটি পোস্ট ভাগ করে লেখেন, “চাইলেই পারা যায়, দেখুন শিখুন। একেই বলে মানুষ হওয়া।”

অভিনেত্রীর কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পুজো কমিটির সদস্যরা। তাঁদের কথায়, এই স্বীকৃতি তাঁদের কাছে বড় পাওনা। আগামী দিনে আরও ভালো কাজ করার উৎসাহ জোগাবে এই প্রশংসা।

মণ্ডপের আলোকসজ্জা কিংবা থিমের চাকচিক্য নয়, এবার একটি ছোট্ট ঘুঘুর ছানার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেই মানুষের মন জয় করেছে চুঁচুড়ার সুকান্ত স্মৃতি সঙ্ঘ। উৎসবের আনন্দের পাশাপাশি প্রকৃতি ও প্রাণীদের প্রতি মানুষের দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত তৈরি করল এই পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss