
শিলিগুড়ি: গাড়ির চালকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার রাধুরাই এলাকায়।

পরিবহন দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন এক গাড়িচালক।
এমনকী, প্রতিবাদ জানাতে গাড়ি নিয়ে রাস্তার উপর অবরোধ শুরু করেন তিনি। এর জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাময়িক যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ, একটি গাড়ি আটকানোর পর তার চালকের কাছে টাকা দাবি করেন পরিবহন দপ্তরের আধিকারিকরা।
এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন ওই চালক। তিনি রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে ঘিরে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল ছেড়ে চলে যান পরিবহন দপ্তরের আধিকারিকরা।
তবে ঠিক কী কারণে গাড়িটি আটকানো হয়েছিল ও চালকের কাছে সত্যিই ঘুষ চাওয়া হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য ও প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
এই ঘটনাকে কেন্দ্র করে মাটিগাড়ার রাধুরাই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


