
শিশু দিবস মানেই শিশুদের অধিকার, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের কথা নতুন করে ভাবার দিন। আর সেই বিশেষ দিনেই শিক্ষার আলো থেকে দূরে থাকা পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের হাতে স্লেট-পেন্সিল তুলে দিয়ে এক অন্যরকম উদ্যোগ নিল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। শিশু দিবস উপলক্ষে ফের শুরু হল ‘গাছতলার পাঠশালা’।
গত বছর শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে ইঁটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের শিশুদের পড়াশোনার ব্যবস্থা করা হয়। বছরে প্রায় আট মাস এই শ্রমিক পরিবারগুলি এলাকায় থাকেন। কাজের মরশুম শেষ হলে তাঁরা ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরে যান। শীতের মরশুমের আগে আবার কর্মসূত্রে এলাকায় ফিরে আসেন। এবছরও তাঁদের সঙ্গে এসেছে ছোট ছোট শিশুরা। তাই শিশু দিবস থেকেই নতুন করে শুরু হল পাঠশালার পঠন-পাঠন।
এদিন ফিতে কেটে কর্মসূচির উদ্বোধন করেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি। উপস্থিত ছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য এবং সমাজসেবী মনিমোহন সী-সহ অন্যান্য বিশিষ্টজন। এদিন শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন ইউনিফর্ম, স্লেট ও পেন্সিল।
শিশুদের ভাষাগত সমস্যা দূর করতে বিশেষ ভাষাজ্ঞানসম্পন্ন দু’জন শিক্ষিকা পঠন-পাঠনের দায়িত্বে থাকছেন। পাশাপাশি থাকবেন আরও দু’জন সাধারণ শিক্ষক। প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য নিজেও পাঠদানে অংশগ্রহণ করবেন। সপ্তাহে চার দিন চলবে এই পাঠশালা। এদিন প্রায় ৩৫ জন শিশু পঠন-পাঠনে অংশগ্রহণ করে।


