
বিশেষ প্রতিবেদন: তিতলি দাস
পূর্ব বর্ধমানের গুসকরা শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পারিবারিক পুজো হলো ‘পাত্র বাড়ি’র দুর্গাপুজো। এই পুজোর ইতিহাস, আচার এবং পরিবেশনশৈলী ভীষণভাবে আকর্ষণীয়। গুসকরা অঞ্চলে বেশ কয়েকটি পারিবারিক পুজো থাকলেও পাত্র বাড়ির পুজো সম্পূর্ণ আলাদা। এখানে কোনও মাটির প্রতিমা তৈরি করা হয় না, বরং কাঠের কাঠামোর ওপর পটে আঁকা দেবী দুর্গার আরাধনা করা হয়। ১০০ বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে।
সারা বছর কাঠের বেদি সুরক্ষিত থাকে আর রথের দিন তাতে মাটি লেপা হয়। মহালয়ার দিন বংশপরম্পরায় যুক্ত পটুয়া এসে দেবীর রূপ ফুটিয়ে তোলেন। ষষ্ঠীর সন্ধ্যায় মা দুর্গা প্রথম দর্শন দেন, সরানো হয় লাল-সাদা কাপড়। দশমীর দিন পরিবারের নিজস্ব পুকুরে পট বিসর্জন দেওয়া হয় এবং অষ্টমঙ্গলার দিনে পুনরায় বেদীতে ফিরে আসে সেই কাঠামো। এভাবেই পাত্র বাড়িকে মা আগলে রাখেন সারা বছর।

পুজোয় কঠোর নিয়ম ও প্রাচীন রীতি নিখুঁতভাবে মেনে চলা হয়। বোধনের ১৫ দিন আগে থেকেই বাড়িতে নিরামিষ আহারের নিয়ম শুরু হয়। সপ্তমীতে লাউ ও চালকুমড়ো বলি, অষ্টমীতে একটি মাত্র পাঠাবলি এবং নবমীতে ৭-৮টি বা মানত অনুসারে ১০-১২টি পর্যন্ত বলিদান প্রথা হিসাবে চলে আসছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিটি দিনেই নির্দিষ্ট বলিদান ও নৈবেদ্যের নিয়মে এক চিলতে পরিবর্তন হয় না।
পাত্র বাড়ির পুজোর সবচেয়ে বড় প্রাণ হলো এর বিশাল পারিবারিক মেলবন্ধন। পরিবারের পূর্বপুরুষ ৺শক্তিপদ পাত্রের বংশধরদের মধ্যে ১২ জন ভাই-বোন, ২৪ জন নাতি-নাতনি এবং পরবর্তীতে ৪৮ জন প্রপৌত্র-প্রপৌত্রী পর্যন্ত বিস্তৃত এই পরিবার। পুজোর কদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের সকলে এক ছাদের তলায় একত্রিত হন। পাঁচ দিন ধরে চলা খাওয়া-দাওয়া, আড্ডা এবং আনন্দ উৎসব এই পুজোর অন্যতম প্রধান অঙ্গ। চার ভাইয়ের মধ্যে পুজোর সমস্ত খরচ সুনির্দিষ্ট নিয়মে ভাগ করা হয়। প্রতিবেশীরাও এই পুজোয় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও আনন্দ উপভোগ করেন।
ছোটবেলায় নতুন জামা নিয়ে ভাই-বোনদের উন্মাদনা কিংবা ডায়েরিতে রুটিন লেখার দিনগুলোর কথা আজও স্মরণ করেন পরিবারের সদস্যরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্বপুরুষদের ধরে রাখা এই ঐক্যের ধারা এবং পুজোর নিয়মকানুন নতুন প্রজন্মও পরম যত্ন ও গর্বের সঙ্গে বাঁচিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এইভাবেই চলে আসছে পাত্র বাড়ির দুর্গাপুজো।


