
তমলুক: শহরে শক্তিপুজো করতে গেলেও আজও নিতে হয় মা বর্গভীমার অনুমতি! এমনই এক প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাসকে ঘিরে কালীপুজোর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির।
কথিত আছে, প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন এই শক্তিপীঠে মহাসমারোহে আরাধনা করা হয় দেবী বর্গভীমার। কালীপুজো উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন ঘিরে মন্দিরে ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো।
তমলুক শহরের আরাধ্য দেবী মা বর্গভীমা। এখানকার মানুষের কাছে যে কোনও শুভ কাজ কিংবা পুজোর সূচনা হয় মায়ের আশীর্বাদ নিয়ে। কয়েক হাজার বছর ধরে আদ্যাশক্তি মহামায়ার রূপে দেবী বর্গভীমার আরাধনা হয়ে আসছে।
মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। ইতিহাসের বহু পরিবর্তনের সাক্ষী থেকেও আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন মন্দির।
পুরাণের কাহিনি অনুযায়ী, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে তাঁর দেহ খণ্ডিত হলে বাম পায়ের গোড়ালি এসে পড়ে তমলুকে।
সেই বিশ্বাস থেকেই একান্ন পীঠের অন্যতম শক্তিপীঠ হিসেবে পূজিতা হয়ে আসছেন দেবী বর্গভীমা।
মহাভারতের উল্লেখ অনুযায়ী, ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। প্রচলিত কাহিনি অনুসারে, এক দরিদ্র ধীবরপত্নী প্রতিদিন রাজপরিবারে জীবন্ত শোল মাছ সরবরাহ করতেন।
কীভাবে সারা বছর তিনি জীবন্ত মাছের জোগান দিতেন, তা জানতে চান রাজা। তখন ধীবরপত্নী জানান, জঙ্গলের মধ্যে একটি কূপের জল ছিটিয়ে মৃত শোল মাছকে জীবন্ত করে তুলতেন তিনি।
সেই স্থানেই রাজা উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তির সন্ধান পান ও মন্দির প্রতিষ্ঠা করেন।
এই মন্দিরকে ঘিরে আরও একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। একসময় তমলুক অঞ্চলে শক্তিপুজোর প্রচলন ছিল না বলে জনশ্রুতি।
পরবর্তীতে জেলায় শক্তিপুজোর প্রসার ঘটলেও আজও নতুন করে শক্তি আরাধনা শুরু করার আগে দেবী বর্গভীমার অনুমতি নেওয়ার রীতি প্রচলিত রয়েছে।
কালীপুজোর দিন রাজবেশে সাজানো হয় মাকে। চলে বিশেষ পুজো ও ভোগ নিবেদন। নানা ব্যঞ্জনের পাশাপাশি দেবীকে আজও নিবেদন করা হয় শোল মাছের ঝোল।
ভক্তরাও মায়ের কাছে মনস্কামনা পূরণের আশায় মিষ্টি ভোগের পাশাপাশি তাল, ওল, কচু ও শোল মাছ নিয়ে হাজির হন মন্দিরে। ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে ভিনধর্মের মানুষজনও এই মন্দিরে আসেন।
প্রাচীন ইতিহাস, পুরাণ, লোককথা ও অগাধ ভক্তির মেলবন্ধনে তমলুকের মা বর্গভীমা মন্দির আজও বাংলার অন্যতম আকর্ষণীয় শক্তিপীঠ। কালীপুজোয় সেই ঐতিহ্য ও আধ্যাত্মিক আবহ আরও একবার প্রাণবন্ত হয়ে ওঠে।


