E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি

লেখিকা :শুচিতা রায় সেনগুপ্ত

শরৎকাল মানেই উৎসব। প্রকৃতি তার নিজের মতো করে উৎসব পালন করে। আকাশের আসমানি রং থেকে শিউলি ফোটার উৎসব, পুকুরে পদ্মের হাসি মুখ, রোদ ঝলমলে আনন্দ মানুষের মনের কোনায় কোনায় ছড়ানো। কাশফুলের দোলা জানিয়ে দেয় – মেয়ে আসছে।

বাঙালির কাছে দুর্গাপুজো দেবীপুজো নয়, ঘরের মেয়ে উমার বাপের বাড়ি আসার উৎসব। সারা বছর যে মেয়ে দশ হাতে অসুর বধ করে, শরতের এই চারটে দিন সে শুধুই আমাদের উমা। তাই তো এই কদিন ঘরদোর পরিষ্কার, নতুন জামা, ভালো রান্না – অতিথি হিসেবে নয়, মেয়েকে অতি যত্নে আদর করার আয়োজন।

আবাহন পর্ব: চক্ষুদান

এই আবাহনের সূচনা মহালয়া থেকেই। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। এই দিন ভোরে কুমোরটুলিতে কুমোররা এক বিশেষ পুজো করেন – চক্ষুদান। হাত যেন না কাঁপে, মায়ের চোখ আঁকার সময় যেন নিখুঁত হয় – এই প্রার্থনা। চক্ষুদান দিয়েই শুরু হয় প্রাণ প্রতিষ্ঠা। মা জেগে ওঠেন।

বনেদি বাড়ির আদর: তিন রকম যত্ন

উমা যে ঘরের মেয়ে, তার সবচেয়ে বড় প্রমাণ কলকাতার বনেদি বাড়ির পুজোগুলো। সেখানে তিন বাড়িতে তিন রকম আদর –

কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি: এখানে মেয়েকে পেট পুরে খাওয়ানোর আয়োজন। প্রবাদ আছে, এখানে ভোগের মিষ্টান্নর আকার ও পরিমাণ এত বিশাল ছিল যে মা এখানে পেট পুরে ভোজন করেন।

শোভাবাজার রাজবাড়ি: এখানে মেয়ে আসে জলসা দেখতে। রাতভর নাচ, গান, বাইজি – রাজকীয় আয়োজনে মেয়ের মনোরঞ্জন।

জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ-র বাড়ি: এখানে মেয়েকে সোনা আর বহুমূল্য গয়নায় সাজিয়ে তোলা হয়। মেয়ের সাজের যেন কোনো কমতি না থাকে।

একজনকে খাওয়ানো, একজনকে গান শোনানো, একজনকে সাজানো – এ তো ঘরের মেয়েকেই আদর করা।

ভারতের আঙিনায় একই মা

আর এই উমাই ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে, বিভিন্ন রূপে পূজিত হন। রূপ আলাদা, কিন্তু মা একই।

পশ্চিমবঙ্গে মহা সমারোহে থিম পুজো, বিশাল মণ্ডপ, ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ ও আলোর রোশনাই।

গুজরাট ও মহারাষ্ট্রে  দুর্গাপুজো নবরাত্রি নামে পরিচিত। গুজরাটে এর প্রাণ হল  গরবা ও ডান্ডিয়া লোকনৃত্য। মহারাষ্ট্রে নবরাত্রি শেষে রাবণ বধ বা রাবণ দহন একটি বড় রীতি।

কর্ণাটকে পুজো রাজকীয়। বিশ্ববিখ্যাত মহীশূর দশেরা। হাতিকে সুসজ্জিত করে রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, গোটা মহীশূর প্যালেস আলোয় সেজে ওঠে।

তামিলনাড়ুতে মাকে গোলু বা বোম্মাই গোলু সাজিয়ে আহ্বান করা হয়। সিঁড়ির মতো ধাপ করে দেব-দেবীর পুতুল সাজিয়ে ৯ দিন ধরে পুজো হয়। এখানে মা চামুণ্ডেশ্বরী, কন্যাকুমারী, মীনাক্ষী নামে পূজিতা। একেই কর্ণাটকে বলে বোম্বে হাব্বাবা পুতুলের উৎসব।

কেরলমে মা ভগবতী নামে পরিচিত। এখানে বিদ্যারম্ভম অনুষ্ঠানে বাচ্চাদের হাতেখড়ি দিয়ে মা সরস্বতী রূপে আহ্বান করা হয়।

কাশ্মীরে মা ক্ষীর ভবানী বা শারিকা দেবী রূপে, আর হিমাচল ও উত্তরাখণ্ডে মা নন্দা দেবী, জ্বালা জি, বৈষ্ণো দেবী রূপে পূজিত হন। বৈষ্ণো দেবী গুহায় মা প্রাকৃতিক পিণ্ডি রূপে বিরাজ করেন।

তেলেঙ্গানায় দুর্গা উৎসবের পাশাপাশি *বাথুকাম্মা (Bathukamma) উৎসব পালিত হয়। মহিলারা রঙিন ফুল দিয়ে পিরামিডের মতো সুন্দর বাথুকাম্মা সাজিয়ে তার চারপাশে গান গেয়ে ও নেচে দেবীকে সম্মান জানান।

হিমাচল প্রদেশের কুল্লুতে* *কুল্লু দশেরা* বিশ্বজুড়ে পরিচিত। সাধারণ দশেরা শেষ হওয়ার পর থেকে এখানে উৎসব শুরু হয় এবং তা এক সপ্তাহ ধরে চলে। রঘুনাথজির রথযাত্রা এবং পাহাড়ি সংস্কৃতির অনন্য সমাগম দেখা যায় এখানে।

ছত্তিশগড়ের বস্তরে নবরাত্রি অত্যন্ত প্রাচীন – প্রায় ৫০০ বছরের পুরনো এবং এটি টানা ৭৫ দিন ধরে চলে। এটি ভারতের দীর্ঘস্থায়ী উৎসবগুলির মধ্যে অন্যতম, যেখানে দেবী দন্তেশ্বরীর আরাধনা করা হয়।

শেষ কথা

আসলে সব জায়গাতেই নবরাত্রির ৯ দিনে মায়ের ৯ রূপ – নবদুর্গা – শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী রূপে আহ্বান করা হয়।

নাম আলাদা, রীতি আলাদা, সাজ আলাদা – কিন্তু অঞ্জলি একটাই। শরতের অরুণ আলোয় বাংলার উঠোন থেকে তামিলনাড়ুর গোলু, মহীশূর প্যালেস থেকে কুল্লুর রথ – সবখানেই একই মন্ত্র – মেয়ে এসেছে ঘরে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss