
পুরুলিয়া: রাতের অনুষ্ঠান শেষ করে ঘরে ফেরার পথেই থেমে গেল ঝুমুর শিল্পী দেবচরণ মাহাতোর জীবন। বৃহস্পতিবার গভীর রাতে পুরুলিয়ার আড়শা–পুরুলিয়া রাজ্য সড়কে সেনবনা মোড়ের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ৫৫ বছরের দেবচরণ মাহাতোর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।
হেঁটজাড়ি গ্রামের বাসিন্দা দেবচরণ ছিলেন ঝুমুর শিল্পী ভোলানাথ মাহাতোর দলের সদস্য। বৃহস্পতিবার কেন্দা থানার চিপিদা গ্রামে অনুষ্ঠান ছিল দলের। সেখানকার অনুষ্ঠান সেরে একই গাড়িতে ফিরছিলেন শিল্পীরা। দলে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১২ জন শিল্পী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
সেনবনা মোড়ের কাছে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। ধাক্কার পর গাড়িটি উল্টে যায়। রাতের অন্ধকারে দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছনোই ছিল প্রধান চ্যালেঞ্জ।
আহতদের মধ্যে এক জন মোবাইল ফোনে কাছের গ্রামের পরিচিত এক ব্যক্তিকে খবর দিতে সক্ষম হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সাহায্য করেন। আহতদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দেবচরণকে মৃত ঘোষণা করেন। বাকি ১২ জনের চিকিৎসা চলছে।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঝুমুর শিল্পীমহলে শোকের আবহ তৈরি করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


