
বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে ফের উঠল গুরুতর প্রশ্ন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামে। অসুস্থ শিশুদের একে একে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিবেশিত খাবারের মধ্যে ইঁদুরের মল দেখতে পাওয়া যায়।
তাঁদের আশঙ্কা, দূষিত খাবার খাওয়ার ফলেই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে দাবি তাঁদের।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
তবে ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও আইসিডিএস দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছনোয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।
শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি।
সেখানে খাবারের মধ্যে ইঁদুরের মল থাকার অভিযোগ ও একাধিক শিশুর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত, খাবারের নমুনা পরীক্ষা ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


