
শিলিগুড়ি: পুলিশকর্মীদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বজায় রাখার লক্ষ্যে শিলিগুড়ি জিআরপির উদ্যোগে আয়োজন করা হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার মহাত্মা গান্ধী চকে অবস্থিত শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে জিআরপির মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের পাশাপাশি আধিকারিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসআরপি বিশপ সরকার, রেলের একাধিক ডিএসপি, পুলিশ লাইন হেডকোয়ার্টারের আরআই-সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন মহিলা ও পুরুষ চিকিৎসকরা। শিবিরে পুলিশকর্মী ও আধিকারিকদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। এদিন শিলিগুড়ি জিআরপি হেডকোয়ার্টারের পক্ষ থেকে এসআরপি বিশপ সরকার-সহ উপস্থিত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
জানা গিয়েছে, পুলিশকর্মীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার কথা মাথায় রেখে জিআরপির পক্ষ থেকে প্রতি বছরই এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পুলিশকর্মীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তাঁদের সুস্থ রাখার প্রচেষ্টা চালানো হচ্ছে।


