
শিলিগুড়ি: উত্তরবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
আগামী ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ।
মঙ্গলবার শিলিগুড়ি জংশন স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম। স্টেশনের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্টেশনের বাইরে থাকা বুকিং কাউন্টার ইতিমধ্যেই নতুন ভবনের ভিতরে স্থানান্তরিত করা হয়েছে।
পাশাপাশি, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ চলছে।
আধুনিকীকরণের কাজ সম্পন্ন হলে শিলিগুড়ি জংশনে লিফট-সহ একাধিক আধুনিক পরিষেবা চালু করা হবে।
এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ জলপাইগুড়ি (এনজেপি)-তেও চলছে উন্নয়নমূলক কাজ।
ডিআরএম জানান, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে এনজেপি স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, পুজোর কারণে সাময়িকভাবে বন্ধ থাকা শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নমূলক কাজও নতুন করে শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পাশাপাশি, শিলিগুড়িতে প্রস্তাবিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও আশার কথা শুনিয়েছেন ডিআরএম। তাঁর বক্তব্য, প্রকল্পের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ফর্ম এ এবং ফর্ম বি জমা দেওয়া হয়েছে। পুজোর কারণে প্রক্রিয়াটি সাময়িকভাবে থমকে থাকলেও এবার তা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে শিলিগুড়ি জংশন, এনজেপি ও শিলিগুড়ি টাউন স্টেশনের উন্নয়নের পাশাপাশি ডবল লাইন রেল প্রকল্প বাস্তবায়নের দিকেও নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গের রেল পরিষেবা ও যাত্রী পরিকাঠামো আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।


