
গরু পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল হুগলির পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের বুধবার দুপুরে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পান্ডুয়া থানার শান্তিরামপুর এলাকায় গরু পাচারের গোপন খবর পায় পুলিশ। খবর অনুযায়ী, একটি ট্রলি গাড়িতে করে গরু পাচার করা হচ্ছে বলে সন্দেহ হয় পুলিশের।
এরপর ওই এলাকায় হানা দিয়ে প্রথমে একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। পরবর্তীতে আরও একটি গাড়ির সন্ধান পায় পুলিশ। সেই গাড়িতে বেশ কয়েকটি গরু ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে গরুসহ মোট ছয়জনকে আটক করে পুলিশ।
পুলিশের প্রাথমিক সূত্রে খবর, পান্ডুয়া থেকে উত্তর ২৪ পরগনা এলাকায় গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলিকে বর্তমানে পান্ডুয়া থানার হেফাজতে রাখা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


