
নবদ্বীপ: ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম স্বপন ভৌমিক। তাঁর বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জের নেহেরু নগর কলোনি এলাকায়। ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ার সুবাদে ওই নাবালিকার সঙ্গে পরিচিত ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময়ে তিনি ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেন। গত ২৬ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে বাথরুমে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ, ঘটনার কথা বাড়িতে জানালে পরিণতি ভালো হবে না বলে নাবালিকাকে ভয় দেখাতেন অভিযুক্ত। পাশাপাশি কখনও ২০ টাকা, কখনও ৫০ টাকা দিয়ে তাকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হতো বলেও অভিযোগ।
সম্প্রতি এক প্রতিবেশী মহিলা ওই নাবালিকাকে টাকা দিতে দেখেন। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নাবালিকা সমস্ত ঘটনা জানায় বলে জানা গিয়েছে। এরপর পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ স্বপন ভৌমিককে গ্রেফতার করে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ।


