
নয়াদিল্লি: ট্রেনে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে রাতের নির্দিষ্ট সময়ে মোবাইল ফোন চার্জিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড।
নির্দেশ অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ট্রেনের সমস্ত কোচের চার্জিং পয়েন্ট বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে দেশের সমস্ত রেলওয়ে জোনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলে সম্প্রতি চার্জিংয়ের সময় একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোনোর ঘটনা সামনে আসে।
এর পরেই যাত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রাতের সময় চার্জিং পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রেলওয়ে বোর্ডের নির্দেশে যাত্রীদের এই বিষয়ে সতর্ক করার পাশাপাশি রেলকর্মীদেরও যথাযথ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। যাতে নির্ধারিত সময়ে সমস্ত কোচের চার্জিং পয়েন্ট বন্ধ করা হয় ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম পালনে কোনও গাফিলতি না থাকে, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
নির্দেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে রেলের আধিকারিক ও তত্ত্বাবধায়কদের আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখা হচ্ছে কি না, পরিদর্শনের সময় সেই বিষয়টিও যাচাই করা হবে।
নির্দেশ পালনে কোনও ধরনের বেনিয়ম বা গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট রেলকর্মীকে জবাবদিহি করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে রেল বোর্ডের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


