
বসিরহাট: হাসনাবাদ-শিয়ালদা শাখার ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল দেখা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এর জেরে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোগান্তির মুখে পড়েন রেলযাত্রীরা। পরে রেলকর্মীদের তৎপরতায় মেরামতির কাজ শেষ হলে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা সুবল দাস জানান, সকাল ৭টার ট্রেনটি যাওয়ার সময় তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন।
সেই সময় আচমকাই একটি শব্দ শুনতে পান। এরপরই তাঁর নজরে আসে, রেললাইনের একটি অংশ ফেটে উপরের দিকে উঠে গিয়েছে। যদিও ততক্ষণে ট্রেনটি কোনওরকম সমস্যা ছাড়াই ঘটনাস্থল পেরিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন তিনি।
খবর পেয়ে রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে ও নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
এরপর রেলকর্মীরা দ্রুত মেরামতির কাজে হাত লাগান।
প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে মেরামতির কাজ শেষ করে সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে, আচমকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা।
রেলযাত্রী আরাকুল ইসলাম জানান, তিনি মাছের ব্যবসা করেন। তাঁর কাছে মাছ থাকায় দ্রুত বারাসতে পৌঁছনো জরুরি ছিল। ট্রেন বন্ধ থাকায় সময়মতো পৌঁছতে না পারলে মাছ বিক্রি করতে সমস্যায় পড়তে হতো তাঁকে। তবে তাঁর কথায়, এই ঘটনার জেরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
আর এক যাত্রী ভোলানাথ মণ্ডলও জানান, সময়মতো রেললাইনের ফাটল নজরে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
রেললাইনে কীভাবে ফাটল তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্রুত বিষয়টি নজরে আসায় ও রেল কর্তৃপক্ষের তৎপরতায় সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।


