E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রায়গঞ্জে এইমস নির্মাণের জমি নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি! জেলাশাসকের স্বাক্ষর জাল, তদন্তের আশ্বাস

দীপনগর মৌজায় জমি কেনাবেচা বন্ধের নির্দেশ ঘিরে চাঞ্চল্য; বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি জেলাশাসকের, জমি জরিপের প্রস্তুতি প্রশাসনের
রায়গঞ্জের দীপনগরে প্রস্তাবিত এইমস হাসপাতালের জন্য চিহ্নিত জমি
রায়গঞ্জের দীপনগরে প্রস্তাবিত এইমস হাসপাতালের জন্য চিহ্নিত জমি

 

রায়গঞ্জ: রায়গঞ্জে প্রস্তাবিত এইমস হাসপাতালের জমি ঘিরে এ বার নতুন বিতর্ক। জমি কেনাবেচা ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে জেলাশাসকের স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তর দিনাজপুর জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। যদিও ওই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম। তাঁর বক্তব্য, বিজ্ঞপ্তিতে ব্যবহৃত স্বাক্ষর তাঁর নয়।

বৃহস্পতিবার কর্ণজোড়ার তিস্তা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও জনসভায় যোগ দিয়ে রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই প্রস্তাবিত হাসপাতালের জন্য জমি চিহ্নিতকরণের বিষয়টি সামনে আসে। রায়গঞ্জ শহর থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে প্রায় আট কিলোমিটার দূরে শীতগ্রাম পঞ্চায়েতের দীপনগর এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। জাতীয় সড়কের পূর্ব দিকে অবস্থিত ওই জমির পরিমাণ প্রাথমিক হিসাবে প্রায় ১৯৭ একর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, চিহ্নিত জমির মধ্যে ১৬০ থেকে ১৬৫ একর সরকারি এবং বাকি অংশ ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে। তবে জমির মালিকানা সংক্রান্ত চূড়ান্ত হিসাব এখনও তৈরি হয়নি। এই অবস্থায় জেলাশাসকের নামে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে রায়গঞ্জ ব্লকের দীপনগর মৌজার (জেএল নম্বর ৮৭) জমি কেনাবেচা ও হস্তান্তরে নিষেধাজ্ঞার কথা বলা হয়। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম স্পষ্ট জানিয়েছেন, বিজ্ঞপ্তিটি প্রশাসনের জারি করা নয়। তাঁর কথায়, হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমির মধ্যে কতটা সরকারি এবং কতটা ব্যক্তিগত মালিকানাধীন, তার পূর্ণাঙ্গ হিসাব এখনও হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে সমীক্ষা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর দাবি, দীপনগর এলাকায় ১৯৭ একর জমি চিহ্নিত করে তার নথি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। জমি নিয়ে কোনও প্রলোভন বা ফাঁদে পা না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছেন তিনি। এলাকায় জমির দালালদের সক্রিয়তা নিয়ে অভিযোগ পাওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রস্তাবিত হাসপাতালের জমি নিয়ে প্রশাসনিক সমীক্ষা এখনও বাকি। তার মধ্যেই ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ায় জমির মালিকানা ও কেনাবেচা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss