
পান্ডুয়া : হুগলির পান্ডুয়ায় প্রাক্তন আয়কর কর্মীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছন ইডির আধিকারিকরা। এরপর বাড়িতে শুরু হয় তল্লাশি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণ দাস একসময় আয়কর দফতরে কর্মরত ছিলেন। কয়েক বছর আগেই তিনি অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তাঁর ছেলে কল্যাণীতে থাকেন। এক গ্রামবাসীর দাবি, তিনি নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত। স্থানীয় বাসিন্দাদের কথায়, নারায়ণ দাস ও তাঁর পরিবারের সদস্যরা এলাকার মানুষের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। ফলে তাঁদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছিল একটি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। সেই সূত্রে বিভিন্ন জায়গায় তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আসানসোলের এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অন্যদিকে, বুধবারই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কামালগাজি এলাকায় শ্যামল ব্যাপারী নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে। গুয়াহাটির একটি মামলার সূত্র ধরে এই তদন্ত চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ায় নারায়ণ দাসের বাড়িতে ইডির এই তল্লাশি অভিযানের সঙ্গে কলকাতা, আসানসোল কিংবা গুয়াহাটির মামলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে এই অভিযান এবং তদন্তের গতিপ্রকৃতি কী, সে বিষয়ে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।


