
শিলিগুড়ি: পুজোর মরসুমে পর্যটকদের ভিড়ে উল্লেখযোগ্য সাফল্য পেল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। অক্টোবরের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ২১ দিনে এই ঐতিহ্যবাহী রেলপথে ভ্রমণ করেছেন ১২ হাজারেরও বেশি পর্যটক। ওই সময়ে রেলওয়ের আয় হয়েছে প্রায় ১ কোটি ৪১ লক্ষ টাকা।
ডিএইচআরের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, নতুন ট্রেন পরিষেবা চালুর ফলে যাত্রীসংখ্যা ও আয়—দু’ক্ষেত্রেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। তাঁর কথায়, দুটি পৃথক রুটে নতুন ট্রেন চালু করা হয়েছে। তার ফলেই পুজোর মরসুমে পর্যটকদের যাতায়াত বেড়েছে। ২১ দিনের হিসাব অনুযায়ী, ১২ হাজারের বেশি পর্যটক এই পরিষেবা ব্যবহার করেছেন। এখনও ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে ডিএইচআরের নিজস্ব মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন অধিকর্তা। খুব শীঘ্রই দু’টি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পর্যটকদের জন্য তথ্য পাওয়া ও ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
আগামী দিনেও পর্যটকবান্ধব নানা উদ্যোগ, নতুন ট্রেন পরিষেবা এবং বিশেষ ভ্রমণ প্যাকেজ চালুর পরিকল্পনা রয়েছে ডিএইচআরের। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন ঋষভ চৌধুরী।


