
কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের দিকে। অন্যদিকে, এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত ঘূর্ণিঝড়টি ২৬ অক্টোবর সন্ধ্যার পর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। রাত সাড়ে ৮টার পর্যবেক্ষণে ঝড়টির অবস্থান ছিল ১৫.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৬.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার গতিতে এগিয়েছে সেটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ২৭ অক্টোবর উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে ঝড়টি।
এরপর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ২৮ অক্টোবর সকালে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশে সমুদ্র উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলেও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদে ফিরে আসতে বলা হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রারও পরিবর্তন হতে পারে।
ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সতর্কবার্তাও সংশোধিত হতে পারে। তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের প্রশাসন এবং আবহাওয়া দফতরের সর্বশেষ নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


