
ক্যানিং: ভাইফোঁটার আনন্দের দিনেই ঘরে নেমে এল শোকের ছায়া। দুই দিদির কাছ থেকে কপালে ফোঁটা নেওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরিবারের একমাত্র ভাইয়ের। মৃত যুবকের নাম সমীরণ সরদার (১৯)। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বেলেগাছির উত্তর হরিমুল গ্রামে। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর দুই দিদি। শোকস্তব্ধ গোটা সরদার পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাইফোঁটা উপলক্ষে বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছিল। দুই দিদি অপেক্ষায় ছিলেন একমাত্র ভাই সমীরণের কপালে ফোঁটা দেওয়ার জন্য। কিন্তু সেই আনন্দের মুহূর্ত আর আসেনি। বৃষ্টির সম্ভাবনা দেখে স্থানীয় ক্লাবের কালীপুজোর প্যান্ডেলে লাগানো চুনি লাইটিং খুলতে যান সমীরণ। সেই কাজ করতে গিয়েই আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বিদ্যুতের ঝটকা লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
যে দিনে দুই দিদির কপালে ভাইয়ের মঙ্গলকামনার ফোঁটা দেওয়ার কথা ছিল, সেই দিনেই ভাইকে হারিয়ে শোকে মুহ্যমান তাঁরা। পরিবারের একমাত্র ছেলেকে হারানোর ঘটনায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


