
চুঁচুড়া: আসন্ন শ্রী শ্রী কালীপুজোকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার চুঁচুড়ার কাপাসডাঙা সতীন সেন বিদ্যাপীঠে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ-সহ পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
আসন্ন কালীপুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পুজো চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পুজো উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুজোর দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে উৎসবে শামিল হতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত আধিকারিক ও পুজো উদ্যোক্তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে কালীপুজো উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।


