
শিলিগুড়ি: ব্যাঙডুবিতে সেনা ক্যাম্পের সেপটিক ট্যাঙ্কে পড়ে বিপাকে পড়ল এক হস্তিশাবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে তৎপর হন সেনা জওয়ান ও বন দফতরের কর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অবশেষে হস্তিশাবকটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
জানা গিয়েছে, ব্যাঙডুবির সেনা ক্যাম্পের সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছোট্ট হাতিটি। এরপর তাকে উদ্ধারের জন্য উদ্যোগী হন সেনা জওয়ান ও বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধার অভিযান।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে। উদ্ধারের পর হস্তিশাবকটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ছোট্ট হাতিটির নিরাপদে উদ্ধার ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের ঘটনায় স্বস্তি ফিরে আসে। সেনা জওয়ান ও বন দফতরের কর্মীদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল হস্তিশাবকটি।


