
নেহা চক্রবর্ত্তী, ১৪ নভেম্বর ,কলকাতা: বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপটি ১৫ নভেম্বর নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হবে যা ১৬ নভেম্বর সন্ধ্যা নাগাদ তা মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’ (Akvan)। বর্তমান অবস্থা ও পূর্বাভাসের ধাপআবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ অর্থাৎ ১৪ নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, সাগরের উপরিভাগের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস থাকায় ঘূর্ণিঝড়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সম্ভাব্য গতিপথ ও ঝুঁকি
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাব মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে পড়তে পারে। তবে স্কাইমেটের মতে, ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু ও অন্ধ্র উপকূল থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে এর আঘাত হানার ঝুঁকি বাড়বে। সমুদ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
প্রশাসনিক প্রস্তুতি
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ওড়িশা সরকার উপকূলীয় ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর জেলা কালেক্টরদের সতর্কতা জারি করেছে। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পুজারি জানিয়েছেন, “IMD এখনও নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেয়নি, তবে রাজ্য সরকার আগাম প্রস্তুতি হিসেবে জেলাগুলোকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলেছে।” অন্যদিকে, তামিলনাড়ু সরকার হাজার হাজার মাছ ধরার নৌকা তীরে ফিরিয়ে এনেছে এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে।


