
আয়ুর্বেদ চা হলো ভেষজ নানা ধরনের মশলা এবং গাছের শেকড় দিয়ে তৈরি এক ধরণের বিশেষ পানীয়। এতে সাধারণত কোনো চায়ের পাতা থাকে না। প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত এ চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে একাধিক স্বাস্থগত উপকারিতা।
বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের এ মরসুমে ঠান্ডা-জ্বর-কাশিসহ একাধিক রোগে আক্রান্তের ঝুঁকি বাড়তে শুরু করে। আর এ ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে আয়ুর্বেদ চা।
আসুন এক নজরে জেনে নিই আয়ুর্বেদ চায়ের বৈশিষ্ট্য ও উপকারিতা সম্পর্কে-
শরীরের ভারসাম্য রক্ষা: আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে মানব শরীরে মূলত তিনটি দোষ—বাত, পিত্ত ও কফের অভারসাম্য থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই অসুস্থতা ঠেকাতে ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে এই চা খেতে পারেন।
হজমশক্তি বৃদ্ধি: আয়ুর্বেদ চায়ের আদা, দারুচিনি, এলাচ, মৌরি ও গোলমরিচ উপাদান হজমশক্তি (অগ্নি) বাড়াতে ও পেটের গ্যাস দূর করতে কার্যকরী।
রোগ প্রতিরোধ ক্ষমতা: তুলসি, হলুদ বা অশ্বগন্ধা মেশানো চা সর্দি-কাশি, প্রদাহ ও মানসিক অবসাদ কমাতে বেশ উপকারী।
আয়ুর্বেদ চা তৈরির উপকরণ:
এই চা তৈরি করতে প্রয়োজন হবে আদা, তেজপাতা, লং, দারুচিনি, এলাচ, সাদা ও কালো গোলমরিচ, লেবুর রস, তুলসি পাতা, পুদিনা পাতা ও মধু। চাইলে পছন্দমতো আরও ভেষজ উপাদান যোগ করতে পারেন।
যেভাবে তৈরি করবেন :
দুই কাপ জলের সাথে ভেষজ বা মশলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে জল গরম করুন। প্রথম বলগের পর চুলার আঁচ মৃদু করুন ও সসপ্যানে ঢাকনি দিয়ে দিন।
মৃদু আঁচে ঢাকনাযুক্ত অবস্থায় চায়ের সসপ্যান ২ মিনিট রেখে চায়ের জল ২ কাপ থেকে ১ কাপ হয়ে গেলে নামিয়ে ফেলুন। পরিবেশনের আগে কাপে দিয়ে দিন পরিমাণ মতো মধু।


