
ছটপুজোকে সামনে রেখে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাট পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার ডাঃ কুনওয়ার ভূষণ সিং। শুক্রবার পুলিশ আধিকারিক ও অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে মগরা থানা এলাকার রাজাঘাট, পঞ্চাননতলা ঘাট এবং বালিঘাট পরিদর্শন করেন তিনি।
আসন্ন ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে পুণ্যার্থীদের ভিড় সামলানো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক আয়োজন কতটা প্রস্তুত রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন পুলিশ সুপার। পাশাপাশি পুজো চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। উৎসবের দিনগুলিতে যাতে সমস্ত পুণ্যার্থী নিরাপদে পুজো উদ্যাপন করতে পারেন, সেই লক্ষ্যেই চলছে আগাম প্রস্তুতি ও নজরদারি।


