
গোঘাট থানা থেকে তিন কিলোমিটার দূরে আমোদর নদের তীরে অবস্থিত গড় মান্দারন। কথিত আছে, এটি ছিল জায়গীরদার রাজা বীরেন্দ্র সিংহের গড়। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় যখন হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন এই গড়ের ইতিহাস নিয়েই তিনি রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। বর্তমানে গড়টি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীন।

গড়ের পাশেই রয়েছে বিশাল কাজলা দীঘি। প্রজাদের জলকষ্ট মেটাতে এই দীঘি খনন করা হয়। কিন্তু জল না ওঠায় রাজকন্যা কাজলাকে দেবতার কাছে উৎসর্গ করা হয়, তারপরই দীঘি জলে ভরে ওঠে। তার নামেই নাম হয় কাজলা দীঘি।
স্থানীয়দের দাবি, এই দীঘির জল কখনও শুকায় না। দীঘির জল ঘন কালো রঙের। দেখলেই যেন ভয় লেগে যাবে। নিচে সুড়ঙ্গ রয়েছে যা সোজা গড় পর্যন্ত চলে গেছে।
কিন্তু বর্তমানে সেই দীঘির বেহাল দশা। কচুরিপানা ও আগাছায় ভরে গেছে পুরো দীঘি। জল ব্যবহারের অযোগ্য। পাড় ভেঙে পড়ছে। প্রশাসনকে বার বার জানিয়েও কোনো কাজ হয়নি। দীঘি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক। তাহলে বাঁচবে ইতিহাস।
এবিষয়ে গোঘাট বিধায়ক প্রশান্ত দিগার তৃণমূল সরকারের উপর দায় চাপিয়ে দেন। তিনি বলেন, বিগত পনেরো বছরে কোনো কাজ হয়নি। শুধু এই দীঘি নয় একাধিক দীঘি সংস্কার হয়নি। আমাদের সরকার ছয় মাস হচ্ছে এসেছে। আমাদের একটু সময় দিন। আমি কথা দিয়েছি মান্দারণকে সাজিয়ে গুছিয়ে তুলব। দীঘিও সংস্কার হবে।


