
আরামবাগ: আসন্ন জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে শুক্রবার আরামবাগ থানা প্রাঙ্গণে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুলিশের পদস্থ আধিকারিকরা। পুজো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের সুবিধা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো এবং আইনশৃঙ্খলা বজায় রাখার মতো বিষয়গুলি আলোচনায় উঠে আসে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা মেনে চলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেওয়া হয়।
উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুজো পরিচালনার উপর জোর দেওয়া হয় এই বৈঠকে। প্রশাসন ও পুজো কমিটিগুলির যৌথ উদ্যোগে আরামবাগের জগদ্ধাত্রী পুজো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলেই আশাবাদী সকলে।


