
ইসলামপুর: শীতের আগমনী আবহে পরিষ্কার আকাশে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মেতে উঠেছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দারা।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলছে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্য। ব্যস্ত দৈনন্দিন জীবনের মাঝেই প্রকৃতির এই অনন্য উপহার মন ভরিয়ে দিচ্ছে সাধারণ মানুষের।

প্রতিবছর আকাশ পরিষ্কার থাকলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগ মেলে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে বাইপাস এলাকা ও আলুয়াবাড়ি স্টেশন সংলগ্ন অঞ্চল থেকেও দেখা যাচ্ছে পাহাড়ের অপরূপ রূপ।
সূর্যের আলোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রং। কখনও সোনালি আভায় ঝলমল করছে তুষারাবৃত শৃঙ্গ, কখনও আবার দেখা যাচ্ছে লালচে রঙের মায়াবী ছটা।
প্রকৃতির এই রঙিন রূপ উপভোগ করতে যেমন উৎসাহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে, তেমনই অনেকেই ক্যামেরাবন্দি করছেন সেই মনোরম মুহূর্ত।
শুধু বাড়ির ছাদেই নয়, বাসে যাতায়াতের পথেও রাস্তার পাশ থেকে চোখে পড়ছে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য।
প্রতিদিনের কাজের ব্যস্ততার মধ্যেও হঠাৎ চোখের সামনে ভেসে ওঠা বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য যেন এনে দিচ্ছে এক অন্যরকম প্রশান্তি।
দূরের পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে আর দার্জিলিংয়ে পৌঁছনোর অপেক্ষা নয়, অনুকূল আবহাওয়ায় ইসলামপুর থেকেই মিলছে কাঞ্চনজঙ্ঘার দেখা। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে মুগ্ধতার আবহ।


