
চোপড়া: রাতের অন্ধকারে প্রায় ৯ কাঠা জমির সমস্ত বেগুন গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উচলগছ গ্রামের বেরং নদী সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত চাষি সন্তোষ পাল দীর্ঘদিন ধরেই ওই জমিতে বেগুন চাষ করে আসছেন।
গত বছর বেগুন বিক্রি করে ভালো লাভ হওয়ায় এবছরও প্রায় ৯ কাঠা জমিতে বেগুন চাষ করেছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় জমিতে গিয়ে সবকিছু ঠিকঠাক দেখেই বাড়ি ফিরে যান। কিন্তু শনিবার সকালে জমিতে পৌঁছে তাঁর চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। জমির সমস্ত বেগুন গাছ কেটে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।
এমন ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন চাষি সন্তোষ পাল। তাঁর দাবি, এবছরও ভালো ফলনের আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সমস্ত গাছ কেটে দেওয়ায় তাঁর কয়েক মাসের পরিশ্রম কার্যত নষ্ট হয়ে গেল। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
কৃষকের ফসল নষ্টের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষি ও স্থানীয় বাসিন্দারা।


