
আসানসোল: রাতের অন্ধকারে অসাবধানতাবশত গভীর কুয়োয় পড়ে বিপাকে একটি বন্য শিয়াল।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে বনদপ্তর।
বনকর্মীদের দক্ষতা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শেষ পর্যন্ত শিয়ালটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণপুরের দুর্গা মন্দির সংলগ্ন চ্যাটার্জি পরিবারের বাড়ির কুয়োয় আটকে পড়েছিল শিয়ালটি। অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে কোনওভাবে বাড়ির চত্বরে ঢুকে অসাবধানতাবশত গভীর কুয়োয় পড়ে যায় বন্যপ্রাণীটি।
বুধবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত রূপনারায়ণপুর বনদপ্তরে খবর দেন।
খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। আধিকারিক তমালিকা চন্দ্রের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।
দীর্ঘ চেষ্টার পর বনকর্মীদের দক্ষতায় কুয়ো থেকে শিয়ালটিকে নিরাপদে উপরে তুলে আনা হয়।
উদ্ধারের পর শিয়ালটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। এরপর সুস্থ অবস্থায় বন্যপ্রাণীটিকে নিকটবর্তী জঙ্গলে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় স্বস্তি ফিরেছে চ্যাটার্জি পরিবারের সদস্যদের পাশাপাশি দুর্গা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যেও।
বিপদে পড়া বন্যপ্রাণীকে উদ্ধারে বনদপ্তরের দ্রুত পদক্ষেপ ও বনকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।


