
নবদ্বীপ: কালীপুজো মানেই মণ্ডপে মণ্ডপে মা কালীর আরাধনা। আর দেবীর হাতে কিংবা পুজোর নৈবেদ্যে কদমা যেন এক চিরপরিচিত অনুষঙ্গ। ধবধবে সাদা, কদম ফুলের মতো দেখতে এই বিশেষ মিষ্টি দীর্ঘদিন ধরেই বাঙালির ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্যবাহী কদমা শিল্পেই দেখা দিয়েছে সংকট। একদিকে কমছে কদমা তৈরির কারিগরের সংখ্যা, অন্যদিকে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনে কালীপুজোয় আগের মতোই মিলবে তো মা কালীর প্রিয় কদমা?
চিনি পাক দিয়ে তৈরি এই শুকনো মিষ্টি দেখতে অনেকটা কদম ফুলের মতো। কদমার মাঝখানে থাকে ফাঁপা অংশ, আর তার ধবধবে সাদা রং সহজেই নজর কাড়ে। শুধু কালীপুজো নয়, বছরের বিভিন্ন পুজো-পার্বণেও এই মিষ্টির ব্যবহার রয়েছে। বাঙালির ধর্মীয় আচার-অনুষ্ঠানে কদমার বিশেষ গুরুত্ব থাকলেও বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নবদ্বীপে প্রায় ১২ থেকে ১৩টি পরিবার কদমা তৈরির পেশার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমেছে। বয়সের ভারে অনেক পুরনো কারিগর এই পেশা ছেড়ে দিয়েছেন।
অন্যদিকে, নতুন প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহও কম। ফলে চাহিদা থাকলেও পর্যাপ্ত কারিগর পাওয়া যাচ্ছে না। এর জেরে কদমা উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা।
এর পাশাপাশি চিনির দাম বৃদ্ধি, কারিগরদের মজুরি, কয়লার দাম ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কদমা তৈরির খরচও বাড়ছে।
ব্যবসায়ীদের দাবি, এই সমস্ত খরচের চাপ সামলাতে গিয়ে কদমার দাম বাড়াতে হচ্ছে তাঁদের। কিন্তু দাম বাড়লে অসন্তুষ্ট হচ্ছেন ক্রেতারাও।
ফলে একদিকে ব্যবসা টিকিয়ে রাখা, অন্যদিকে ক্রেতাদের নাগালের মধ্যে দাম রাখা – দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।
নবদ্বীপের গোসাইবাজারের কদমা ব্যবসায়ী দীপক পাল জানান, কদমা তৈরির জন্য উপযুক্ত কারিগর পাওয়া এখন যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। তাঁর কথায়, কদমার চাহিদা এখনও ভালোই রয়েছে।
কিন্তু কারিগরের অভাব ও চিনির দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে। পর্যাপ্ত কারিগর না থাকলে আগামী দিনে কদমার দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
অন্য ব্যবসায়ী চঞ্চল বণিকের বক্তব্যেও উঠে এসেছে একই সমস্যা। তাঁর কথায়, নিয়মিত চিনির দাম বাড়ছে। পাশাপাশি কারিগরদের মজুরি, কয়লা ও অন্যান্য আনুষঙ্গিক খরচও বেড়েছে। সব মিলিয়ে কদমা তৈরির খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। বেশি দামে বিক্রি করতে হলে ক্রেতাদের অসন্তোষের মুখেও পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তাই চিনির দাম কমলে তাঁদের অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা করছেন তিনি।
বর্তমানে নবদ্বীপে হাতে গোনা দুই থেকে তিনজন কারিগরকে কদমা তৈরির কাজে যুক্ত থাকতে দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। তাঁদের কাজের চাপ এতটাই বেশি যে এই শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগও মেলেনি। তবে কারিগরের সংখ্যা কমে আসার বিষয়টি যে এই ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে, তা স্পষ্ট।
একসময় যে শিল্প বহু পরিবারের জীবিকার পথ দেখিয়েছে, আজ সেই শিল্পই নানা সমস্যায় জর্জরিত। নতুন প্রজন্ম এই পেশায় এগিয়ে না এলে ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণে না এলে আগামী দিনে নবদ্বীপের কদমা শিল্প আরও বড় সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
কদমা শুধু একটি মিষ্টি নয়, এটি নবদ্বীপের ঐতিহ্য ও বাঙালির পুজো-পার্বণের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত নাম। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কারিগরের অভাব দূর করা সাথে উৎপাদন খরচের চাপ কমানো অত্যন্ত জরুরি।
না হলে একদিন হয়তো কালীপুজোর পরিচিত দৃশ্য থেকে হারিয়ে যেতে পারে মা কালীর প্রিয় কদমা। ঐতিহ্যের এই মিষ্টি কি আগামী দিনেও একইভাবে টিকে থাকবে, নাকি কারিগরের অভাব ও মূল্যবৃদ্ধির চাপে ক্রমশ হারিয়ে যাবে? এখন সেটাই বড় প্রশ্ন।


