
পূর্ব মেদিনীপুর: দুর্গাপুজোর আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের মেছেদায়। কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুরে হলদিয়া–মেছেদা রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত প্রায় ৩টে নাগাদ শান্তিপুর বাসস্টপের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়ে বাইক ও স্কুটির আরোহীরা দুর্ঘটনার কবলে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়িই দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মেছেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
মৃতদের বাড়ি দুই এলাকায়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি কোলাঘাট থানার রামচন্দ্রপুরে। বাকি দু’জন নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা বলে খবর।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাইক ও স্কুটির কোনও আরোহীর মাথায় হেলমেট ছিল না। তবে হেলমেট না পরার বিষয়টি দুর্ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। কীভাবে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হলদিয়া–মেছেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুজোর আনন্দের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


